IQNA

ইসলামভীতি দূরীকরণে রমজানকে কাজে লাগাবেন সাদিক খান

19:54 - June 06, 2016
সংবাদ: 2600913
আন্তর্জাতিক ডেস্ক: গার্ডিয়ানের নিবন্ধে সাদিক খান লেখেন, ‘আমি শুধু নিজেকে একজন মুসলিম রাজনীতিবিদ হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি না।
বাংলামেইল২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : বিশ্বজুড়ে ইসলামকে ঘিরে বিভিন্ন ধরনের ভীতি, সন্দেহ-সংশয় দূরীকরণে পবিত্র রমজান মাসকে কাজে লাগাতে চান লন্ডনের মেয়র সাদিক খান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে তিনি এ কথা বলেন। মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম রমজানের রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাদিক খান।
গত মাসে লন্ডনের মেয়র হিসেবে আলোড়ন সৃষ্টিকারী বিজয়ের পর থেকে শহরটির সহিষ্ণুতা এবং সাংস্কৃতিক বৈচিত্রের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে সাদিক খানকে। ইউরোপের ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে শুধু মুসলিম হিসেবেই নয়, নিজেকে একজন লন্ডনবাসী হিসেবেও পরিচয় দিয়ে গর্ববোধ করেন পাকিস্তান বংশোদ্ভূত এই ব্রিটিশ।
গার্ডিয়ানের নিবন্ধে সাদিক খান লেখেন, ‘আমি শুধু নিজেকে একজন মুসলিম রাজনীতিবিদ হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি না। আমি মুসলিমদের কোনো মুখপাত্র না এবং নেতাও না। এই বিষয়টি স্পষ্ট করা দরকার। অন্যথায় আপনারা আমাকে আমার বিশ্বাসের ওপর ভিত্তি করে মূল্যায়ন করতে শুরু করবেন।’
তিনি আরো লেখেন, ‘আমাদের সবারই বিভিন্ন পরিচয় আছে। আমি একজন লন্ডনবাসী, একজন সন্তান এবং একজন বাবা। লন্ডনের সিটি হল কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য না।’
তবে রমজান মাস সম্পর্কে তিনি সচেতন এবং ইসলাম সম্পর্কে লন্ডনবাসীদের মনে যে সন্দেহ এবং রহস্য রয়েছে তা দূর করতে এই মাসকে একটি মহা সুযোগ বলে আখ্যায়িত করেন তিনি। পুরো রমজান মাসজুড়ে লন্ডনে ইহুদিদের উপসনালয় সিনাগগ, খ্রিস্টানদের গির্জা এবং মুসলিমদের মসজিদে তিনি রোজাদারদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবেন বলেও জানান সাদিক খান।

captcha