
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ নাসির মাকারেম শিরাজির বিশেষ প্রতিনিধি ও বিশিষ্ট আলেম হাবিবি তাবার বলেছেন, বিশ্বে এখন ইসলামি ঐক্যের বিকল্প নেই। সবাইকে একযোগে তাকফিরি সন্ত্রাসী মোকাবিলায় কাজ করতে হবে।
মহানবী হযরত মোহাম্মাদ (স.)'র প্রিয় দৌহিত্র হজরত ইমাম হাসান (আ.)'র শুভ জন্মবার্ষিকীকে সামনে রেখে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গতরাতে আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়াইজি। তিনি বলেন, শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রকৃত ইসলামকে বিশ্বের সবার সামনে তুলে ধরতে হবে। ইমাম হাসান (আ.)'র জীবন ও আদর্শের নানা দিক নিয়েও আলোচনা করেন ইরানি রাষ্ট্রদূত। আলোচনা সভায় বাংলাদেশের বিশিষ্ট আলেমরাও বক্তব্য রাখেন।
১৫ রমজান হচ্ছে হজরত ইমাম হাসান (আ.)'র শুভ জন্মবার্ষিকী। তৃতীয় হিজরীর ১৫ রমজান তিনি জন্মগ্রহণ করেন। ইমাম হাসান সম্পর্কে বিশ্বনবী হজরত মোহাম্মাদ (স.) বলেছেন, "হাসান হলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্যে বিশেষ এক উপহার।" ইমাম হাসান (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। #