
পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্রতিবেদনে দেখা যাচ্ছে-আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মাত্র ২১ লাখ শরণার্থী গ্রহণ করেছে যা মোট শরণার্থীর শতকরা ৮.৯ ভাগ। অথচ এই দেশগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ সারা বিশ্বের মোট সম্পদের শতকরা ৫৬ ভাগ। এর মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র ব্রিটেন আশ্রয় দিয়েছে শতকরা এক ভাগেরও কম শরণার্থীকে।
অক্সফামের নির্বাহী পরিচালক ওয়ান্নি বাইয়ানইমা বলেন, "লাখ লাখ শরণার্থী একটু নিরাপদে বাঁচার জন্য যখন তাদের ঘর-বাড়ি ও দেশ ছেড়ে বিদেশে আশ্রয়ের জন্য পাড়ি জমাচ্ছে তখন ধনী দেশগুলোর পিছিয়ে আসা সত্যিই লজ্জাকর।” তিনি আরো বলেন, "যেখানে ধনী দেশগুলোর দায়িত্ব নেয়ার কথা ছিল সেখানে গরিব দেশগুলো শরণার্থী গ্রহণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।”
অক্সফামের প্রতিবেদনে আরো বলা হয়েছে- বিশ্বের মোট সম্পদের দুই ভাগেরও কম যেসব দেশের হাতে তারাই বহন করছে অর্ধেকের বেশি শরণার্থীর দায়িত্ব। এসব দেশ হলো- তুরস্ক, পাকিস্তান, জর্দান, লেবানন, দক্ষিণ আফ্রিকা ও ফিলিস্তিন। এ দেশগুলোতে আশ্রয় নিয়েছে এক কোটি ২০ লাখ শরণার্থী।#