
বার্তা সংস্থা ইকনা: দুই বছর আগে অপহরণ করা স্কুলছাত্রীদের ভিডিও বার্তা প্রকাশ করেছে নাইজেরিয়া ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। স্কুলছাত্রীদের মুক্তির বিনিময়ে জঙ্গি গোষ্ঠীটি তাদের সদস্যদের মুক্তি দাবি করছে। ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাঁধে বন্দুক ঝোলানে এক জঙ্গি অপহৃত কিশোরীদের একজনের সাক্ষাৎকার নিচ্ছে।
ওই কিশোরী নিজের পরিচয় দেয় মাইদা ইয়াকুবু হিসেবে। সে জানায়, তাকে চিবক থেকে ধরে আনা হয়েছে। এতে সরকারের প্রতি বোকো হারাম জঙ্গিদের মুক্তি দেয়ার আহ্বান জানায় ওই কিশোরী।
বিবিসি জানায়, ২০১৪ সালের এপ্রিলে জঙ্গি সংগঠনটি চিবকের উত্তরাঞ্চলের শহরের একটি স্কুল থেকে ২৭৬ কিশোরীকে অপহরণ করে। ধারণা করা হচ্ছে, অপহৃত কিশোরীদের মধ্যে এখনও ২১৯ জন জঙ্গিদের কাছে বন্দি আছে। কিশোরীদের অপহরণের পর এটি তৃতীয় ভিডিও যাতে তাদের দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বেশিরভাগ নারীই হিজাব পরা এবং একজনের কাছে একটি ছোট শিশুও রয়েছে।
আশংকা করা হচ্ছে, অনেক ছাত্রী ধর্ষণ, যৌন নিপীড়নের শিকার হয়েছে। এছাড়াও তাদের অনেককে জোরপূর্বক অপহরণকারীদের সঙ্গে বিয়ে দেয়া হতে পারে। বিবিসি জানায়, নতুন ভিডিওতে মুখোশ পরা একজন সশস্ত্র ব্যক্তিকে এক জিম্মির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে এবং তার পেছনে পঞ্চাশ জনের মতো নারী উপস্থিত রয়েছে। তাদের দাবি, কর্তৃপক্ষ যেন আটক বোকো হারাম সদস্যদের মুক্তি দেয়, তাহলে আটক মেয়েদের মুক্তি দেবে তারা।#যুগান্তর