IQNA

ইরান-বাংলাদেশ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে: ঢাবি ভিসি

8:50 - December 12, 2016
সংবাদ: 2602143
আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ইরান-বাংলাদেশ সম্পর্ক হাজার বছরের। শিক্ষা-সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে এ সম্পর্ক দিন দিন আরও অগ্রগতি হচ্ছে। আগামীতে এটি আরও সুদৃঢ় হবে।"



বার্তা সংস্থা ইকনা: আজ (শনিবার) দুপুর ১২টায় ইরানের এক নাট্যদল ও ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, "ইরানের ছাত্র-ছাত্রীরা এদেশে আসবে এবং আমাদের ছেলেরা ইরানে যাবে। এভাবে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্যদিয়ে দু'দেশের সম্পর্ক অটুট থাকবে।

ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ মুসা হোসাইনির নেতৃত্বে ইরানের নাট্যদল 'ক্রেজি বডি গ্রুপ'-এর তিন সদস্যসহ মোট পাঁচজনের একটি দল অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মীর লোকমান, বর্তমান সভাপতি শাহরিয়ার শাওন ও সাধারণ সম্পাদক খায়রুল বাসার রিজভিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাবি ভিসিকে ধন্যবাদ জানিয়ে সাইয়্যেদ মুসা হোসাইনি বলেন, "একজন শিক্ষক যদি দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হয় একটি জাতি দ্রুত এগিয়ে যায়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন আন্তরিকতা দেখেই বুঝা যায় তিনি শিক্ষা, শিক্ষার্থী ও দেশের জন্য কতোটা নিবেদিত প্রাণ।পরস্পরের মধ্যকার সাংস্কৃতিক জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক ভিত্তি আরও বেশি মজবুত হবে এবং সুসম্পর্ক বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও মাইম অ্যাকশনের শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ইরানি ক্রেজি বডি গ্রুপের প্রধান ইয়াসির খোসেব বলেন, "আমাদের খুব ভালো লাগছে। এর মধ্যদিয়ে আমাদের পরস্পরের যোগাযোগ বৃদ্ধি পাবে।

সৌজন্য সাক্ষাৎকালে ঢাবি মাইম অ্যাকশনের পরিচালক মীর লোকমান বলেন, "ছোট বেলা থেকে ফেরদৌসির শাহনামা, হাফিজ, রুমি, ওমর খৈয়মদের পড়ে বড় হয়েছি। ইরানের সাহিত্য- সংস্কৃতি, নাটক, চলচ্চিত্রের কদর বিশ্বজোড়া। বাঙালি সংস্কৃতিরও রয়েছে হাজার বছরের ইতিহাস। আমাদের এই সাক্ষাতের মধ্যদিয়ে দু'দেশের সংস্কৃতির মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।

 

ইরানি এই নাট্যদলের সঙ্গে ঢাবি ভিসি ও মাইম অ্যাকশনের যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছেন ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারি অধ্যাপক মুমিত আল রশিদ। পার্সটুডে

captcha