বার্তা সংস্থা ইকনা: ফেব্রুয়ারি মাস থেকে মসুল মুক্ত করার অভিযান শুরু করেছে ইরাকি এই যৌথ বাহিনী। নিনেভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ্ বুধবার বলেন, ‘৯ম সাঁজোয়া ডিভিশনের হাতেই নিহত হয়েছে ১৩২১ আইএস সদস্য।’
নিহতদের মধ্যে আইএস-এর অনেক সিনিয়র কমান্ডার রয়েছে বলে ইরাকের ইংরেজি সংবাদপত্র ইরাকি নিউজকে জানিয়েছেন ইয়ারাল্লাহ।
চলমান অভিযানে এ পর্যন্ত ৪০৬ বর্গ কিলোমিটার এলাকা মুক্ত হয়েছে। এ সব এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনাও রয়েছে। অন্তত ১৩৯ টি বিস্ফোরকবাহী গাড়ি, ১১ টি চালকবিহীন আকাশযান, জঙ্গিদের ৬১ টি গোপন আস্তানা, ১০ টি বোমা তৈরির কারখানা এবং পাঁচটি কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া, যুদ্ধ এলাকা থেকে এক লাখ ১১ হাজার ৭৫০ ইরাকি নাগরিককে সরিয়ে আনা হয়েছে। এ সব ইরাকিকে শরণার্থী শিবিরে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানান তিনি। সূত্র : প্রেস টিভি