IQNA

20:49 - February 25, 2020
সংবাদ: 2610300

ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনেও দিল্লিতে সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনেও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। এসময় সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ফলে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনেও দিল্লিতে সংঘর্ষ, নিহত ৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনেও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তপ্ত অবস্থায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব দিল্লিতে এ সংঘর্ষের জেরে সাতজন নিহত হয়েছেন। এসময় প্রায় ৭০ জন বিক্ষোভকারী আহত হন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির বিস্তীর্ণ এলাকায় পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ, লুটপাট এবং দোকানে দোকানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটতে দেখা গেছে।

এসময় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় দেশটির রাজধানী। সংঘর্ষ চলাকালীন দমকলের ইঞ্জিনেও আগুন ধরিয়ে দেয়া হয় এবং বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে তিনজন দমকলকর্মী আহত হন। পুলিশের মুখপাত্র অনীল কুমার এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে গতকাল সোমবার নয়াদিল্লিতে পুলিশের সঙ্গে সিএএ বিরোধীদের সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতের এক পুলিশ কর্মকর্তা নিহত হন। একইসঙ্গে আরও সাত পুলিশ কর্মকর্তা আহত হন।

প্রসঙ্গত, সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো দুইদিনের সফরে ভারতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, “আমার সমর্থকরা শুধু ডোনাল্ড ট্রাম্পের সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। এরপর আমরা দিল্লি পুলিশের কথাও শুনব না, জোর করে অবরোধ তুলে দেব।” গত ২৩ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা কপিল মিশ্র’র এমন হুঁশিয়ারির প্রেক্ষিতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।   iqna

 

 

captcha