
দৈনিক আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : উগ্রতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সর্ববৃহত আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে। এতে উগ্রতাবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধের বিভিন্ন উপায় পর্যালোচিত হবে।
এই প্রথমবারের মত এমন ব্যাপকভাবে এ ধরনের কোন সম্মেলন আয়োজিত হচ্ছে। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষে সহিংসতা ও সন্ত্রাসবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ কোন রেজোল্যুশন প্রদান করা হবে। পাশাপাশি অপব্যাখ্যার শিকার কিছু কিছু শব্দের সঠিক ব্যাখ্যা প্রদান করা হবে।
আল-আযহারের গ্রান্ড মুফতি ‘আহমাদ আত-তাইয়্যেবে’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মেলনে ইরান, লেবানন, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, পাকিস্তান, তিউনিশিয়া, আলজেরিয়া, সুদান, সোমালিয়াসহ প্রায় ১২০ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করছেন। তবে কাতার ও তুরস্ক এতে অংশগ্রহণ করছে না।
পাশাপাশি ভ্যাটিকানসহ অন্যান্য খ্রিষ্টান সমাজের প্রতিনিধিবর্গও এতে অংশগ্রহণ করছেন।
এছাড়া বিভিন্ন আরবি, ইসলামি ও পশ্চিমা দেশের রাষ্ট্রদূতগণ, মিশরের শিক্ষা ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী এবং ইজাদি সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ এতে অংশগ্রহণ করছেন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন ‘শাইখ আহমাদ আত-তাইয়্যেব’। এরপর বক্তব্য রাখেন আলেক্সান্দারিয়ার পপ ‘দ্বিতীয় তাওয়াদরুস’।#2614784