
আল-ইয়াওম আস-সাবে ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : শাইখুল আযহার গতকাল পবিত্র মক্কা শহরে অনুষ্ঠিত ‘সন্ত্রাসবাদের মোকাবিলা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানোর জন্য এ ধরনের সম্মেলন আয়োজন করা হয়ে থাকে। এটা সঠিক ও উত্তম পদক্ষেপ। কেননা অনেক আরব দেশ বর্তমানে সন্ত্রাসবাদ সমস্যায় জর্জরিত।
তিনি বলেন : ধর্মের নামে উগ্রতাবাদ মূলতঃ কুরআন ও সুন্নতের ভুল ব্যাখ্যার কারণে উত্স লাভ করেছে। যতদিন পর্যন্ত আমরা আমাদের স্কুল-কলেজে এ বিষয়টিকে নিয়ন্ত্রণে না আনতে সক্ষম হব এ বিষয়টি মুসলমানদের ধর্মচ্যুত হওয়ার কারণ হবে। আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না।
শাইখুল আযহার সন্ত্রাসীদের পদক্ষেপের সমালোচনা করে বলেছেন : তারা কুরআন ও মহানবি (স.) এর সুন্নত থেকে মুখ ফিরিয়ে হিংস্র কর্মকাণ্ডকে আপন করে নিয়েছে।
সন্ত্রাসবাদের মোকাবিলায় তিনি স্কুল-কলেজের পাঠ্যসূচিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে ইসলামি দেশসমূহের প্রতি এ পরিবর্তনের আহবান জানান।
তিনি বলেন : সন্ত্রাসীদের অন্তর থেকে ভালবাসা ও দয়া দূর হয়ে তাদের অন্তর কঠোর পাথরে রূপান্তরিত হয়েছে। মহান আল্লাহ, মহানবি (স.) ও মু’মিনগণ সন্ত্রাসীদের অমানবিক কর্মকাণ্ড থেকে অসন্তুষ্টি প্রকাশ করে।
তিনি বলেন : সন্ত্রাসীরা নিরাপরাধ ব্যক্তিদেরকে জীবিত পুড়িয়ে হত্যা করে অথবা তাদের শিরোচ্ছেদ কর। তারা জনগণের মাঝে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের নৃশংস পদক্ষেপ নেয়।
তার সংযোজন : যারা আইএসআইএলের অপরাধকর্মের ভিডিও বিভিন্ন ওয়েব সাইট থেকে দেখেছে তাদের কারো কারো মুখ থেকে শুনেছি যে, সন্ত্রাসীরা মানুষের মাথা কাটার পর উচ্চস্বরে হাসতে হাসতে তাদের সেই মাথাগুলো নিয়ে ফুটবল খেলে।
উল্লেখ্য, ‘সন্ত্রাসবাদের মোকাবিলা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গতকাল (২২ ফেব্রুয়ারি) পবিত্র মক্কা শহরে শুরু হয়েছে এবং আগামী ২৫শে ফেব্রুয়ারি নাগাদ অব্যাহত থাকবে।