IQNA

ওমরাহযাত্রীদের সেবায় অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রলি

0:09 - October 09, 2021
সংবাদ: 3470790
ওমরাহযাত্রীদের সেবায় অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রলি
তেহরান (ইকনা): পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ওমরাহযাত্রীদের ট্রলি সেবায় ব্যাপক উন্নতি সাধন হয়েছে। বর্তমানে অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রলির সাহায্যে চলাফেরা করতে পারেন।
দুই দশক আগে হজ ও ওমরাহর সময় বয়স্কদের কাঠের চেয়ারে বসিয়ে কয়েকজন মাথায় তুলে তাদের তাওয়াফ করাত। এরপর হাতের সাহায্যে চলা লোহা ও কাঠের তৈরি ট্রলির ব্যবহার শুরু হয়। এরপর সময়ে সময়ে তা আরো উন্নত করা হয়।
 
সর্বশেষ মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি বৈদ্যুতিক ট্রলির ব্যবহার শুরু হয়। মসজিদুল হারামের হজ ও ওমরাহযাত্রী এবং অন্য দর্শনার্থীদের চলাচল সেবায় এসব ট্রলি ব্যবহৃত হয়। হালকা ওজনের অত্যাধুনিক বৈদ্যুতিক বাহনগুলোতে চলাচল করা, ভাঁজ করা ও ধাক্কা দেওয়া অত্যন্ত সহজ। ‘তানাক্কুল’ মোবাইল অ্যাপের মাধ্যমে মসজিদের ভেতর এসব ট্রলি ব্যবহার করে সায়ি, তাওয়াফ ও চলাফেরা করা যায়। এই অ্যাপের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য অন্যান্য পরিষেবাও আছে।
 
মসজিদের অভ্যন্তরে ট্রলি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ সার্বক্ষণিকভাবে কাজ করছে। বর্তমানে পবিত্র মসজিদুল হারামে আট হাজার ট্রলি আছে। এর মধ্যে তিন হাজার বৈদ্যুতিক ট্রলি আছে। আর বাকি পাঁচ হাজার হস্তচালিত ট্রলি।       সূত্র : আল আরাবিয়া
 
 
captcha