IQNA

19:28 - May 03, 2022
সংবাদ: 3471805
মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের জের

মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেছেন সৌদি যুবরাজ

তেহরান (ইকনা): ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পর সৌদি চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। রাই আল-ইয়াউম নামের একটি আরবি ভাষার পত্রিকা ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেছেন সৌদি যুবরাজ
এতে বলা হয়েছে, মানসুর হাদি সৌদি আরবের অনুমতি ছাড়া ব্যক্তিগতভাবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সৌদি আরবের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
 
এ ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেন। রাই আল-ইয়াউম পত্রিকার খবর অনুসারে, হাদীর দুই ছেলে নাসের এবং জালাল গৃহবন্দি রয়েছেন। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হয়েছে।
 
গত ৭ এপ্রিল মানসুর হাদি ঘোষণা করেছিলেন যে, তিনি ইয়েমেনের একটি প্রতিনিধি দলের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এরপর ১৭ এপ্রিল মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা সৌদি আরব ও ইয়েমেনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল যে, সৌদি যুবরাজ ক্ষমতা হস্তান্তরের জন্য মানসুর হাদিকে লিখিত নির্দেশনা দিয়েছিলেন। পাসটুডে
captcha