IQNA

18:10 - June 01, 2022
সংবাদ: 3471934

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, একজনের প্রাণহানি

তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহতের এক সপ্তাহ পার হতে না হতেই আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার লুইজিয়ানার একটি স্কুলের সমাবর্তন অনুষ্ঠানস্থলে গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।  

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, একজনের প্রাণহানি
নিউ অরলিন্স পুলিশ বিভাগের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট ক্রিস্টোফার গুডলি জানিয়েছেন, নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মরিস জেফ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটেছে।
 
পুলিশ বলছে, মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে।
 
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুলিবিদ্ধ নারীর মৃত্যু হয়।
 
জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
সূত্র : সিএনএন।
captcha