IQNA

সৌদিতে খ্রিস্টানদের বড়দিন নিয়ে উৎসবের আমেজ

0:02 - December 27, 2022
সংবাদ: 3473070
তেহরান (ইকনা): সৌদি আরবে এখন আর গোপনে বড়দিন উদযাপন করতে হয় না। দেশটির দোকানগুলোতে এবার বড়দিনের অনুষ্ঠানের জন্য সাজসজ্জা বিক্রি হয়েছে খোলামেলাভাবে, যা সবার জন্য উন্মুক্ত ছিল। দেশটিতে আগের মতো বড়দিন উদযাপন করা এখন আর নিষিদ্ধ নয়।
কয়েক দশক ধরেই সৌদির প্রবাসীরা প্রায় গোপনে বড়দিন উদযাপনের সরঞ্জাম কিনত।
 
কিন্তু এ বছর বড়দিন উদযাপনের জন্য সৌদির অনেক মার্কেট এবং মল থেকে ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন রঙের আলোকসজ্জা খুব সহজেই কিনতে পেরেছেন প্রবাসীরা। দেশটিতে যা কয়েক বছর আগে কল্পনা করাও কঠিন ছিল। তিন বছর আগেও সৌদিতে এই পণ্যগুলো প্রকাশ্যে বিক্রি করা প্রায় অসম্ভব ছিল।
এদিকে জেদ্দার একটি ব্যস্ততম এলাকার একটি স্থানীয় বেকারি থেকে মার্কিন গায়িকা মারিয়া কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি ভেসে আসতে শোনা গেছে। সেখানে তুষার আকৃতির চিনির কুকিও তৈরি হয়েছে। এক দশকেরও কম সময় আগে সৌদির কোথাও এ ধরনের দৃশ্য দেখা যেত না। এটি এমন একটি দেশ হিসেবে পরিচিত ছিল যেখানে জনসাধারণের জন্য বড়দিন উদযাপন কল্পনাতীত ছিল। তবে এখন বড়দিনের প্রতীক, গান এবং ঐতিহ্য সৌদি শহরের বাণিজ্যিক ও সামাজিক জীবনের সঙ্গে মিশে গেছে।
 
তবে সৌদি আরবে আগেও বড়দিনের মতো অনৈসলামিক ধর্মীয় উপলক্ষগুলো পালন করা হতো তা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু তা হতো মূলত গোপনে বা উঁচু দেয়ালের আড়ালে, শুধু প্রবাসীদের এলাকায় এবং বেসরকারি সংস্থাগুলোর পরিচালনায়।
 
আরো পড়ুন : সৌদিতেও হ্যালোইন উৎসব, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
 
২০১৬ সালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি ভিশন ২০৩০ উন্মোচন করেছিলেন। তিনি গোঁড়া ধারণা থেকে একটি ‘মধ্যপন্থী ও মুক্ত’ রাজ্যের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে এই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। এই নজিরবিহীন পরিবর্তন সম্ভবত বড়দিনের চেয়ে বেশি অন্য কোথাও স্পষ্ট নয়। দিনটিতে দেশজুড়ে ক্যাফে, রেস্তোরাঁ, দোকান ও মলগুলো আলোকসজ্জিত দেখা গেছে।
 
এ ছাড়াও এ বছরের বড়দিনে প্রথমবারের মতো রিয়াদভিত্তিক আঞ্চলিক নেতৃস্থানীয় ইংরেজি ভাষার দৈনিক আরব নিউজ বড়দিনের একটি বিশেষ সংস্করণ প্রকাশ করেছে। তবে সৌদির সুপারমার্কেটগুলোতে ক্রিসমাস ট্রি এবং অন্যান্য সাজসজ্জা বিক্রি করলেও ‘ক্রিসমাস’ শব্দটি খুব কম দোকান এবং ক্যাফেতেই দেখা গেছে। এর পরিবর্তে তারা ‘উৎসবের স্বাদ’ কিংবা হলিডে-থিমযুক্ত ট্যাগ ব্যবহার করেছে।
 
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সৌদি ব্যবসায়ীদের বরাত দিয়ে বলেছে, তারা সৌদি কর্তৃপক্ষকে ভয় পায় না। তবে তারা এমন কিছু লোকের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন, যারা বিভিন্ন ধর্মের আচার-অনুষ্ঠান পালনের ধারণা পছন্দ করে না।
 
ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান সৌদি আরবে বড় ধরনের সংস্কার করেছেন। সেখানে এখন কনসার্টের আয়োজন করা হয়। সিনেমা হল আবার চালু হয়েছে এবং রাজত্বের আধুনিকীকরণের প্রকল্পের অংশ হিসেবে নারীদের গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয়েছে।
 
সূত্র : দ্য সিয়াসাত ডেইলি, আরব নিউজ
captcha