IQNA

সাইকেলে হামবুর্গ থেকে মক্কায়, ওমরাহযাত্রীর ইন্তেকাল

11:13 - March 04, 2023
সংবাদ: 3473426
তেহরান (ইকনা): ওমরাহ পালনের স্বপ্ন নিয়ে সাইকেল চালিয়ে জার্মানির হামবুর্গ থেকে সৌদি আরবের মক্কায় যান গাজি শাহাদাহ। মক্কার উপকণ্ঠে পৌঁছলেও পূরণ হয়নি তার স্বপ্ন। গত ১৭ ফেব্রুয়ারি ইহরাম পরা অবস্থায় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন তিনি। 

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, ৫৩ বছর বয়সী সিরিয়া বংশোদ্ভূত এই ব্যক্তি গত ২২ অক্টোবর জার্মানির হামবুর্গ থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। দীর্ঘ ৭৩ দিন পর মক্কার কাছাকাছি এসে মারা যান। পরবর্তীতে পবিত্র মসজিদুল হারামে জানাজা নামাজের পর মক্কায় তাকে দাফন করা হয়। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ পেজে জীবনের শেষ দিনের বিবরণও তুলে ধরেন শাহাদাহ। মৃত্যুর পর পেজের এক মডারেটর লিখেছেন, ‘সব প্রশংসা আল্লাহর। আপনি আপনার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। পবিত্র মক্কা নগরীতে আপনি পা পড়েছে। ইহরামের সাদা কাপড়ও আপনার গায়ে রয়েছে। আল্লাহর ভালোবাসায় আপনি পবিত্র মসজিদুল হারামের উদ্দেশে পথ চলতে শুরু করেছেন। অতঃপর সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে তার কাছে ডেকে নিয়েছেন। আল্লাহর ইচ্ছায় জান্নাতেও তিনি আপনাকে নিয়ে যাবেন।’ 
 
সাইকেলযোগে ভ্রমণের সময় শাহাদাহ অস্ট্রিয়া, ইতালি পাড়ি দিয়ে মিসরের কায়রো পৌঁছেন। এরপর লোহিত সাগর হয়ে সাফাজা উপকূলে পৌঁছেন। সেখান থেকে মক্কার উদ্দেশে রওনা হন। 
 
সূত্র : আলজাজিরা মুবাশির 
captcha