
আল জাজিরা জানিয়েছে, শনিবার দাসু জলবিদ্যুৎ প্রকল্পের ওই প্রকৌশলী রোজার মধ্যে কাজের ধীরগতি নিয়ে আপত্তি জানান। এরপর তার বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ করেন অন্যরা।
এক পুলিশ কর্মকর্তা শ্রমিকদের বরাতে এএফপিকে বলেন, শ্রমিকরা রোজা রেখে কাজ করছিলেন। কাজে ধীরগতিও ছিল না। কিন্তু সেই চীনা প্রকৌশলী কাজের গতি নিয়ে প্রশ্ন তুললে উভয়ের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর শ্রমিকরা অভিযোগ করেন, ওই চীনা নাগরিক ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। সঙ্গে সঙ্গে প্রায় ৪০০ স্থানীয় বাসিন্দা বিক্ষোভ করেন।
পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই প্রকৌশলীর নাম লেখা হয়েছে তিয়ান। ওই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।
মুহাম্মদ নাজির নামে দাসুর এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পূর্ব সতর্কতা হিসেবে ওই চীনা নাগরিককে আগেই নিরাপদে আশ্রয়ে নেওয়া হয়েছে।’ 4135315
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসলামাবাদে চীনা দূতাবাসের বক্তব্য জানতে পারেনি আল-জাজিরা।