IQNA

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের দুই বছরের শিশুর মৃত্যু

22:54 - June 08, 2023
সংবাদ: 3473845
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হওয়ার পর সোমবার মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটি গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তামিমির বাবা হাইথামও আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছিল, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শিশুটি দুই বছর বয়সী। কিন্তু কিছু কিছু সংবাদমাধ্যমে তার বয়স তিন উল্লেখ করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইসরাইলের শেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক দলের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও শিশুটি না-ফেরার দেশে চলে গেছে।

 

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নবী সালেহ গ্রামের শিশু মোহাম্মদ হাইথাম আল-তামিমির (২) মৃত্যু হয়েছে। রামাল্লার কাছে গ্রামে সংঘর্ষের পরপরই ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা দখলকৃত পশ্চিম তীরের নেভে তজুফ বসতির দিকে গুলি চালিয়েছিল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। এতে  একটি গার্ড পোস্টের সৈন্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি ও শিশু গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনী গুলি চালানোর তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার জন্য অনুতপ্ত।

 

ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ বছর বয়সী হাইথাম আল-তামিমি  হাসপাতালের বিছানায় শুয়ে এএফপিকে বলেন, ‘আমি আমার সন্তানের সঙ্গে আমার গাড়িতে ছিলাম, আমরা পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। হঠাৎ তারা আমাকে এবং আমার ছেলেকে গুলি করে। আমি ভেবেছিলাম গুলি (সামরিক) টাওয়ার থেকে ছুড়েছে।’

 

গতকাল সোমবার শিশুটির মরদেহ তার এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 4145897

captcha