
প্রতিবছর ঈদ উপলক্ষে আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দিদের মুক্ত করা হয়। এবারের ঈদুল আজহায় দেশটি দুই হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। গত শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্ষমা ও সহনশীলতার মনোভাব থেকে মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের মুক্তির নির্দেশ দেন। দেশটির বার্তা সংস্থা ওয়াম এ তথ্য জানায়।
এদিকে আমিরাতের অন্যান্য অঞ্চলের শাসকরাও ঈদ উপলক্ষে কারাবন্দিদের ক্ষমা করেছেন। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম দুবাইয়ের কারাগারে বিভিন্ন দেশের ৬৫০ কারাবন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সমাজজীবন নতুনভাবে শুরু করে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনতেই তাদের মুক্ত করা হয়।
তা ছাড়া ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ শতাধিক বন্দিকে মুক্ত করেছেন।
রাস আল-খাইমার শাসক শেখ সাউদ বিন সাকার আল-কাসিমি সাড়ে তিন শ বন্দিকে এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ১৬৬ কারাবন্দিকে মুক্ত করার নির্দেশ দেন।
সূত্র : খালিজ টাইমস