
জারিয়া শহরের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়ার জন্য কয়েকশ মানুষ জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে। নাইজেরিয়ার কাদুনা রাজ্যে নামাজ চলাকালে একটি মসজিদ ধসে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার উত্তরাঞ্চলীয় রাজ্যটির জারিয়া শহরের এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জারিয়া আমিরাত কাউন্সিলের মুখপাত্র আব্দুল্লাহি কওয়াবাই জানান, নগরীর কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়ার জন্য কয়েকশ মানুষ জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে।
“প্রথমে চারটি মৃতদেহ পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকারী দল এসে মসজিদের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করে,” বলেন তিনি।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। দেশটিতে ভবন নির্মাণ বিধিমালা খুব গুরুত্ব দিয়ে মানা হয় না আর এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারিও দুর্বল। নির্মাণকাজে প্রায়ই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়।