IQNA

20:34 - December 28, 2023
সংবাদ: 3474844

পবিত্র রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

ইকনা: করোনাকালের পর আবার মহানবী মুহাম্মদ (সা.)-এর সমাধি পবিত্র রওজা শরিফ জিয়ারতে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। পবিত্র মসজিদ-ই-নববী প্রাঙ্গণে অবস্থিত রওজা শরিফ ৩৬৫ দিনে একবার জিয়ারত করা যাবে বলে জানিয়েছে দেশটি।

পবিত্র রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে মুসল্লিদের বছরে একবার জিয়ারতের অনুমতি দেওয়া হবে। ৩৬৫ দিনে একবার পবিত্র রওজা শরিফ পরিদর্শনের জন্য নিবন্ধন করা যাবে।
 
‘নুসুক’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে অনলাইন প্ল্যাটফরমে বুকিং দেওয়া যাবে। তা ছাড়া এর মাধ্যমে কভিড-১৯ সংক্রমণ মুক্ত থাকা এবং রোগীদের সংশ্রবে না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে।
বিশ্বের অসংখ্য মুসলিম প্রতিদিন ওমরাহ করতে মক্কার পবিত্র মসজিদুল হারামে যান। এরপর তাঁরা পবিত্র মসজিদ-ই-নববীতে রওজা শরিফ জিয়ারত করতে মদিনায় যান।
 
করোনা-পরবর্তী সর্ববৃহৎ হজের পর গত জুলাই ওমরাহর চলতি মৌসুম শুরু হয়। এবার এক কোটির বেশি মুসল্লির আগমনের আশা করছে সৌদি আরব।
উল্লেখ্য, আগামী বছরের ১৪ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১ মার্চ (২০ শাওয়াল) হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হবে।
 
৯ মে (১ জিলকদ) থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে। গত জুনে করোনা-পরবর্তীকালের সর্ববৃহৎ হজ অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন; যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী এবং এক লাখ ৮৪ হাজার ১৩০ জন সৌদি আরবের হজযাত্রী ছিলেন। এতে পুরুষ ছিলেন ৯ লাখ ৬৯ হাজার ৬৯৪ জন এবং নারী ছিলেন আট লাখ ৭৫ হাজার ৩৫১ জন।
সূত্র : গালফ নিউজ
captcha