
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে এক বন্দুকধারীর হামলায় অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মতিন কানি তথ্যটি নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মতিন কানি লিখেছেন, গুজারার মসজিদে অজ্ঞাত এক বন্দুকধারী মুসল্লিদের ওপর গুলি চালায়। এতে ছয়জন বেসামরিক নিহত ও একজন আহত হন।
نمازگزاران هنگامی که از مسجد به طرف خانههایشان میرفتند، هدف حمله مسلحانه تروریستی قرار گرفتهاند.

আফগানিস্তানের তালেবান অন্তর্বর্তী সরকারের কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি।
এখন পর্যন্ত এ সংক্রান্ত আর কোনো সংবাদ ও তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।