IQNA

প্রতিশোধ নেবে ইরান

আতঙ্ক ঘিরে ধরেছে ইসরাইলিদের, পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা

16:05 - August 04, 2024
সংবাদ: 3475814
ইকনা: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান তাতে দখলদার ইসরাইলের সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
আতঙ্ক ঘিরে ধরেছে ইসরাইলিদের, পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরাঅধিকৃত ভূমি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা যায়, ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের পর ইসরাইলের পথে-ঘাটে ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। 
 
তেল আবিব থেকে ইসরাইলের রাজনীতি বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “নিশ্চয়ই ইসরাইলের জনগণ টেনশনে আছে। রাস্তা-ঘাটে খুব কম লোকের চলাচল, দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।”
 
ইসরাইলের গণমাধ্যমগুলো লোকজনের ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে। ইসরাইলে বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে বৃহত্তর এবং অনেক বেশি শক্তিশালী। 
 
ইসরাইলের হিব্রু ভাষার কিছু গণমাধ্যম খবর দিয়েছে যে, এবারের হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়।
 
ইসরাইলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করছে তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরাইল অভিমুখী বিমানের ফ্লাইট স্থগিত করছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারত এবং পোল্যান্ড তাদের নাগরিকদের ইসরাইল সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া, তেল আবিবের মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধান থাকার কথা বলেছে।
 
এর আগে, গত ১৩ এপ্রিল ইরান ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। তাতে ইরান কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
captcha