
যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্লিন্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে গতকাল শুক্রবার সাক্ষাৎ করেছেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস।
ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব–আমেরিকান ও মুসলিম ভোটাররা। এ অবস্থায় তাঁদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ওই সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস।
মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কমলা হ্যারিস। ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারেরা খোলামেলাভাবেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারেন তাঁরা। আর তা হলে বিশেষ করে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে কমলাকে মূল্য দিতে হতে পারে।
ইসরাইলের সঙ্গে ইরান, লেবানন, ফিলিস্তিনের সংঘাত নিয়ে চলা সংকট যুক্তরাষ্ট্র সরকার যেভাবে মোকাবিলা করছে, তা নিয়ে আরব আমেরিকান ও মুসলিম নেতারা গভীর হতাশা প্রকাশ করেছেন। কমলাকে এসব যুদ্ধ থামাতে তাঁর ক্ষমতা অনুযায়ী সবকিছু করা এবং এ অঞ্চল নিয়ে মার্কিন নীতি পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছেন তাঁরা।
ওয়ায়েল আলজায়াত, মুসলিম আমেরিকান পরামর্শক গ্রুপ এমগেজ অ্যাকশনের সিইও
গতকাল কমলার বৈঠকের আগের দিন বৃহস্পতিবার কমলার রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ মুসলিম ভোটারদের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে তিনি অঙ্গীকার করেন, কমলা জিতলে তাঁর প্রশাসনে মুসলিমদের সমান অধিকার থাকবে।
এরও একদিন আগে বুধবার কমলার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন আরব ও মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন।