IQNA

পশ্চিম তীরে অভিযান বাড়াচ্ছে ইসরায়েল, সেনা থাকবে এক বছর পর্যন্ত

22:42 - February 23, 2025
সংবাদ: 3476914
ইকনা- ইসরায়েল বলেছে, তারা পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান সম্প্রসারণ করছে এবং কিছু শরণার্থীশিবিরে আগামী এক বছর পর্যন্ত সেনাদের রাখা হবে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার জানান, সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে তিনটি শরণার্থীশিবির থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের ‘উচ্ছেদ’ করেছে এবং তাদের ফিরে আসা রোধে সেখানে সেনা অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৪০ হাজার ফিলিস্তিনিকে জেনিন, তুলকারেম ও নুর শামসের শরণার্থী শিবিরগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা এখন বাসিন্দাশূন্য।’
 
তিনি আরো বলেন, ‘আমি (সেনাদের) নির্দেশ দিয়েছি, আগামী এক বছর পর্যন্ত খালি করা শিবিরগুলোতে দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য প্রস্তুতি নিতে এবং বাসিন্দাদের ফিরে আসা ও সন্ত্রাসবাদের পুনরুত্থান রোধ করতে।
 
এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘরে অভিযান চালাচ্ছে এবং বুলডোজার দিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করছে। এই অভিযানগুলো মূলত জেনিন ও তুলকারেমকে ঘিরে কেন্দ্রীভূত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২০০৫ সালে দ্বিতীয় ইন্তিফাদার (বিপ্লব) সমাপ্তির পর প্রথমবারের মতো পশ্চিম তীরের জেনিনে ট্যাংক মোতায়েন করা হয়েছে।
 
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এই ট্যাংক মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরায়েলের এ বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না।
 
আমরা এই বিপজ্জনক উত্তেজনার বিষয়ে সতর্ক করছি।’
গত ১৯ জানুয়ারি গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে জেনিন ও এর আশপাশের শরণার্থীশিবিরগুলো ইসরায়েলের অবরোধে রয়েছে এবং সেখানে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
 
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তেল আবিবের কাছে খালি বাসগুলোতে বিস্ফোরণের পর পশ্চিম তীরে ‘তীব্র’ অভিযান চালানোর নির্দেশ দেন। নেতানিয়াহুর দপ্তর এই ঘটনাকে একটি সম্ভাব্য গণহত্যার চেষ্টা হিসেবে বর্ণনা করেছে।
 
বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরজুড়ে রবিবারও ইসরায়েলি সেনাবাহিনী ও বসতকারীদের হামলা অব্যাহত ছিল। নাবলুসে ইসরায়েলি অভিযানে অন্তত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর পূর্ব জেরুজালেমের উত্তরাঞ্চলের বেইত হানিনা এলাকায় আরো দুজনকে আটক করা হয়েছে।
 
ওয়াফা আরো জানায়, জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়া শহরে ইসরায়েলি বুলডোজার দিয়ে বৈদ্যুতিক ও পানির সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-ইসসাউইয়া এলাকায় একটি সামরিক চেকপোস্ট ফের স্থাপন করেছে।
 
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল পশ্চিম তীরে আট শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
 
সূত্র : আলজাজিরা
 
 
captcha