IQNA

পর্তুগালে বোরকা নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দার ঝড়

16:49 - October 20, 2025
সংবাদ: 3478284
ইকনা- মানবাধিকার সংস্থাগুলো পর্তুগালে বোরকা পরিধানে নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে।

ইকনার প্রতিবেদন অনুযায়ী, ডানপন্থী সরকার পর্তুগালে নতুন একটি আইন পাস করেছে, যা ধর্মীয় বা লিঙ্গভিত্তিক কারণে হিজাব বা বোরকা পরিধানকে জনসমাগমস্থলে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই আইনটি ইউরোপজুড়ে মুসলিম নারীদের পোশাককে লক্ষ্য করে তৈরি সাম্প্রতিক ধারাবাহিক আইনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

চেগা (Chega) নামের ডানপন্থী রাজনৈতিক দল, যারা এ বছর অভিবাসনবিরোধী প্রচারণায় ক্ষমতায় এসেছে, এই আইনটি প্রস্তাব করে। এতে বোরকা ও নিকাবসহ মুখ সম্পূর্ণ আবৃত পোশাক বিমান, কূটনৈতিক কেন্দ্র ও ধর্মীয় স্থানের বাইরে নিষিদ্ধ করা হয়েছে।

আইন অনুযায়ী, নির্দেশ অমান্যকারীদের জন্য ২০০ থেকে ৪,০০০ ইউরো জরিমানা এবং কাউকে জোরপূর্বক বোরকা পরাতে বাধ্য করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

চেগা দল দাবি করেছে, মুখ ঢেকে রাখা মানবিক মর্যাদা ও সমতার পরিপন্থী এবং এটি সমাজে নারীদের অবমাননা ও বিচ্ছিন্নতার অবস্থায় রাখে।

তবে বামপন্থী সংসদ সদস্যরা এই দাবিকে বিদ্বেষপ্রসূত ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। মধ্যপন্থী সোশ্যালিস্ট পার্টির সংসদ সদস্য পেদ্রো ডেলগাডো আলভেস বলেন, “এই প্রস্তাব কেবল বিদেশি ও ভিন্ন ধর্মাবলম্বীদের টার্গেট করার উদ্দেশ্যে আনা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইনটিকে মানবাধিকারের মৌলিক লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে,

এই ধরনের সাধারণ নিষেধাজ্ঞা নারীর অধিকার রক্ষা করে না, বরং তাদের ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের অধিকারে হস্তক্ষেপ করে।

এখন আইনটি কার্যকর হওয়ার জন্য রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুসার অনুমোদন প্রয়োজন। তিনি চাইলে এটি প্রত্যাখ্যান করতে বা সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন। অনুমোদন পেলে, পর্তুগাল ইউরোপের সেই ২০টিরও বেশি দেশের তালিকায় যুক্ত হবে, যারা জনসমক্ষে বোরকা বা মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, এই ধরনের আইন বাস্তবে মুসলিম নারীদের বৈষম্য ও সামাজিক বঞ্চনা আরও বাড়ায়।

উল্লেখ্য, ফ্রান্স ২০১১ সালে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বোরকা নিষিদ্ধ আইন পাস করে, তবে ২০১৪ সালে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস এ আইনকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে রায় দেয়। 4311750#

 

captcha