IQNA

ইয়েমেনে ‘শহীদে কোরআন’ প্রদর্শনী অনুষ্ঠিত

14:24 - January 18, 2026
সংবাদ: 3478763
ইয়েমেনের আল-হুদাইদা প্রদেশে গতকাল, ১৭ই জানুয়ারি, ‘শহীদে কোরআন’ শীর্ষক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ইকনা (IQNA)–এর প্রতিবেদনে, সাবা নেটের বরাতে জানানো হয়েছে, ইয়েমেনের আল-মাহওয়িত প্রদেশের একদল নেতা—প্রদেশটির স্থানীয় পরিষদের মহাসচিব আলি আল-জাইকামের নেতৃত্বে—আল-হুদাইদা প্রদেশে আয়োজিত ‘শহীদে কোরআন’ সাইয়েদ হুসেইন বদরুদ্দিন আল-হুথি–এর প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা শহীদ আল-হুথির জীবনপর্ব, তাঁর সাফল্য, পাশাপাশি তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছবি, দলিলপত্র ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীর সঙ্গে পরিচিত হন।
আল-মাহওয়িত প্রদেশের স্থানীয় পরিষদের মহাসচিব আলি আল-জাইকাম, আল-হুদাইদা প্রদেশের নিরাপত্তা বিভাগের উপপরিচালক কর্নেল সারি আল-মাগরিবি এবং প্রদর্শনীর আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শহীদে কোরআনের স্মরণোৎসব–সংক্রান্ত সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সমাজে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের প্রসার এবং কোরআনের প্রতি দৃঢ় সংযুক্তি গড়ে তুলতে প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রমের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলি আল-জাইকাম প্রদেশগুলোর মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও ধারাবাহিক এই ধরনের সফর ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে এবং অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে নাগরিক সেবায় ইতিবাচক ভূমিকা রাখে।
উল্লেখ্য, শহীদে কোরআনের বার্ষিক স্মরণ অনুষ্ঠান প্রতিবছর ইয়েমেনের বিভিন্ন প্রদেশে শহীদ হুসেইন বদরুদ্দিন আল-হুথির স্মৃতি ও কর্মকাণ্ডকে সম্মান জানাতে আয়োজন করা হয়। এ বছর আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতাগুলোতে কোরআনিক প্রকল্পের সূচনা, জিহাদি মূল্যবোধ প্রচার এবং জাতির দৃঢ়তা ও প্রতিরোধ শক্তি গঠনে শহীদ আল-হুথির ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

captcha