
ইকনা বার্তা সংস্থার বরাতে জানা যায়, আবদুল ফাত্তাহ তারুতি দৈনিক আল-আখবার আল-মাসায়ি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতা আয়োজনের পক্ষে এবং বিশ্বাস করেন যে এসব প্রতিযোগিতা আল্লাহর কিতাবের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি নতুন প্রজন্ম, বিশেষ করে তরুণদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়া, কুরআন মুখস্থ করা, তিলাওয়াত ও গভীরভাবে অনুধাবনে উৎসাহিত করে।
তিনি আরও বলেন, কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের জন্য এর বহু উপকারিতা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো মুখস্থের মান বজায় রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং নিয়মিত কুরআন মুখস্থ ও পুনরাবৃত্তিতে নিয়োজিত রাখা।
তারুতি বলেন, এসব প্রতিযোগিতা ক্বারিদের কণ্ঠস্বরকে শাণিত করে এবং তাজবিদের নিয়মে দক্ষতা বৃদ্ধি করে, যাতে আল্লাহর বাণীর মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্য রেখে তিলাওয়াত করা যায়।
এই মিশরীয় ক্বারি আরও বলেন, কুরআন প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতামাত্র নয়; বরং এটি একটি শিক্ষামূলক ও আধ্যাত্মিক পরিবেশ, যা দায়িত্ববোধ ও অধ্যবসায়ের মানসিকতা গড়ে তোলে এবং এমন একটি সচেতন কুরআনি প্রজন্ম গঠনে ভূমিকা রাখে, যারা সুন্দর কণ্ঠ ও দক্ষতার সঙ্গে কুরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম।
উল্লেখ্য, আবদুল ফাত্তাহ তারুতি মিশরের শারকিয়া প্রদেশের বাসিন্দা এবং দেশটির কুরআন ক্বারিদের ইউনিয়নের সহসভাপতি। তিনি ১৯৬৫ সালে শারকিয়া প্রদেশের রাজধানী জাকাজিকের অন্তর্গত তারুত গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে তার পিতা তাকে গ্রামের মক্তবে কুরআন মুখস্থ করার জন্য পাঠান।
১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ইসলামিক সেন্টারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর এবং ২০০০ সালে স্পেনে কিং খালিদ ইসলামিক সেন্টারে রমজান মাসের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন।
তিনি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে নিজেকে উৎসর্গ করেছেন। কুরআনের খেদমতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের আল-বুনুরিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
এছাড়া, মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশনের মুসলিম ধর্মীয় প্রশাসন আবদুল ফাত্তাহ তারুতিকে ‘বর্ষসেরা কুরআনি ব্যক্তিত্ব’ হিসেবে নির্বাচিত করে। তিনি এই সম্মানকে নিজের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন। 4331280#