ইকনা’র বরাতে জানানো হয়, ইরান ইসলামী প্রজাতন্ত্রের সাংস্কৃতিক কাউন্সেলর অফিস এবং মালয়েশিয়ার ইসলামী সংগঠনগুলোর পরামর্শক পরিষদ (ম্যাপিম)-এর যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (IAIS)-এর সম্মেলন কক্ষে।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ভলিয়োল্লাহ মোহাম্মাদি, ম্যাপিমের সভাপতি মোহাম্মদ আজমি আবদুল হামিদ, ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর হাবিব রেজা আরজানি, রাশিয়া ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শিক্ষাবিদ এবং মুসলিম বিশ্বের কৌশলগত বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল এমন একটি বইয়ের কৌশলগত দিকসমূহ বিশ্লেষণ, যেখানে ‘ইসলামী বিপ্লবের দ্বিতীয় ধাপ’ শীর্ষক ঘোষণাপত্রকে মুসলিম বিশ্বের জন্য ব্যাখ্যা করা হয়েছে।
হাবিব রেজা আরজানি তার বক্তব্যে এই গ্রন্থকে মুসলিম উম্মাহর জন্য ৪০ বছরের একটি দিকনির্দেশনামূলক রূপরেখা হিসেবে উল্লেখ করেন। তিনি আধুনিক ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ নেতার চিন্তার সাতটি মৌলিক স্তম্ভ তুলে ধরেন। এগুলো হলো: বিজ্ঞান ও গবেষণা, আধ্যাত্মিকতা ও নৈতিকতা, অর্থনীতি, ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় মর্যাদা এবং ইসলামী জীবনধারা।
মালয়েশিয়ান বক্তারা, বিশেষ করে আজমি আবদুল হামিদ ও আইএইআইএস-এর উপ-পরিচালক বদরি আবদুল্লাহ, শহীদ নেতার উচ্চ মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই বইটি কেবল একটি স্মারক নয়, বরং বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান।
উল্লেখ্য, বইটি আল-হুদা প্রকাশনা থেকে ইংরেজিতে অনূদিত হওয়ার পর মালয়েশিয়ায় ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর অফিস ও ম্যাপিমের যৌথ উদ্যোগে ৪২২ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।
4346584