IQNA

আল-আজহারের ভার্চুয়াল কুরআন তিলাওয়াত কেন্দ্রকে ঘিরে প্রবীণ কারিদের ব্যাপক সাড়া

12:25 - May 02, 2026
সংবাদ: 3479109
ইকনা: মিশরের আল-আজহার কর্তৃক চালু করা ভার্চুয়াল কুরআন তিলাওয়াত কেন্দ্র কার্যক্রমের শুরুর দিনগুলোতেই দেশটির শীর্ষস্থানীয় কারিদের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ পেয়েছে।

কায়রো ২৪-এর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আল-আজহারের কুরআন বিষয়ক বিভাগের মহাপরিচালক আবু আল-ইয়াজিদ সালামা বলেন, এই ভার্চুয়াল কেন্দ্রটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রখ্যাত কারি ও আলেমদের কাছ থেকে সরাসরি কুরআন তিলাওয়াত শেখার সুযোগ দেওয়া হচ্ছে।

এই কেন্দ্রের কার্যক্রমের প্রথম দিনেই মিশরের কুরআন পর্যালোচনা কমিটির সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন শায়খ হাসান আবদুন্নবি আল-ইরাকি, কমিটির প্রতিনিধি; আবদুল করিম সালেহ, কমিটির প্রধান; এবং বশীর দাব্বাস, আল-আজহারের কুরআন অনুষদের কিরাআত বিভাগের প্রধান ও কমিটির সদস্য।

এছাড়া অনুষ্ঠানে আল-আজহারের প্রতিভাবান তরুণ কারিরাও তিলাওয়াতে অংশ নেন। তারা আন্তর্জাতিক অঙ্গনে মিশরের সুনাম বৃদ্ধি করেছেন এবং আল-আজহার মসজিদে ইমামতি করে থাকেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ আহমদ হাসান, যমজ কারি হাসান ও হুসাইন হোসাম এবং শায়খ মোহাম্মদ আহমদ হাসান।

কেন্দ্রের কর্মকর্তারা কুরআনপ্রেমী ও আগ্রহী শিক্ষার্থীদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তারা ভবিষ্যৎ কর্মসূচি থেকে উপকৃত হতে পারেন। 4349870#

captcha