IQNA

ইরানসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক কুদস দিবস পালিত

10:52 - September 27, 2008
সংবাদ: 1692036
লাখ লাখ মানুষের অংশ গ্রহণের মধ্যদিয়ে রমজানের শেষ শুক্রবার ইরানসহ বিশ্বের বিভিন্ন দশে আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে ।
ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে । ইরানের রাজধানী তেহরান, ধর্মীয় নগরী কুমসহ দেশের বড় বড় শহরের কুদস দিবসের মিছিলে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবি জানায়। এ সময় তারা আমেরিকা নিপাত যাক,ইসরাইল ধ্বংস হোক সহ সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহ:)-র আহ্বানে ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব ব্যাপী আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা এক বিবৃতিতে ফিলিস্তিনীদের উপর ইসরাইলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সকল ফিলিস্তিনী শরণার্থীকে স্বদেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়ার দাবিও জানানো হয়েছে ঐ বিবৃতিতে। এদিকে ইরানের ধর্মীয় নগরী কুমে কুদস দিবসের মিছিলে ইরানের সংসদ স্পিকার ডঃ আলী লারিজানী ও কুম প্রদেশের গর্ভণর অংশ নেন। ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থী শিবিরগুলোতে বসবাসকারী ফিলিস্তিনীদের জন্য যে সাহায্য তহবিল গঠন করা হয়েছে, তাতে আজ বিপুল অংকের অর্থ জমা পড়েছে।
ইরাকেও গতকাল কুদস দিবসের মিছিলে ব্যাপক সংখ্যক মানুষ অংশ নিয়েছে। রাজধানী বাগদাদ, নাজাফ, কারবালা, বসরা, নাসেরিয়া ও আল আমারা সহ ইরাকের বিভিন্ন শহরে দিবসটি উপলক্ষ্যে মিছিল ও সভা-সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, লেবানন, সিরিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এ বছর এমন সময় আন্তর্জাতিক কুদস দিবস উদযাপিত হচ্ছে যখন ইসরাইল ফিলিস্তিনের গাজার অধিবাসীদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানকার প্রায় পনের লক্ষ মানুষ খাদ্য ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে।# 300192
captcha