বার্তাসংস্থা রসাদ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রাধান ‘হন্স গ্রেট বুট্রিং’ বলেন, সৌদি আরবে এখনও অনেক ক্যাথোলিক খ্রিষ্টান বসবাস করা সত্ত্বেও দেশটিতে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ব্যাপারে কোন গীর্জা বা উপাসনালয় নেই । তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আরো বলেন, অধিকাংশ ইউরোপীয় দেশে মুসলমানদের জন্য মসজিদ নির্মানের অনুমতি থাকায় মুসলিম দেশগুলোতেও খ্রিষ্টানদের জন্য তাদের ধর্মীয় উপাসনালয় বা গীর্জা নির্মানের অনুমতি থাকা প্রয়োজন । ইউরোপীয় পার্লামেন্টের প্রধান বলেন, ধর্মীয় পবিত্রতার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদীনায় গীর্জা নির্মানের ব্যাপারে সীমাবদ্ধতা থাকলেও দেশটির অন্যান্য শহরগুলোতে গীর্জা নির্মানের ব্যাপারে কোন বিধি-নিষেধ থাকা উচিত নয়।তিনি প্রকৃত ইসলামী শিক্ষাকে সঠিকভাবে উপলব্ধী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে আরো বলেন, প্রতিটি ধর্মের অনুসারীদেরই তাদের ধর্মীয় উপাসনালয় নির্মানের ব্যাপারে স্বাধীনতা থাকা প্রয়োজন । উল্লেখ্য বর্তমানে সৌদিআরবে কয়েক মিলিয়ন বিদেশী কর্মরত রয়েছেন এবং এদের মধ্যে প্রায় ১ মিলিয়ন ফিলিপাইনের নাগরিক যাদের অধিকাংশই খ্রিষ্টান ধর্মের অনুসারী। তবে সৌদি কর্মকর্তারা বারবার ঘোষণা করে আসছেন যে, দেশটিতে গীর্জা নির্মানের কোন উপায় না থাকায় সৌদি আরবে খ্রিষ্টানদের জন্য কোন গীর্জা নেই ।# 337782