তথ্যকেন্দ্র আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠকের সমাপনী বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অমানবিক হামলা অবিলম্বে বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানানো হয়েছে । বিবৃতিতে গাজায় ইসরাইলের ভয়াবহ স্থল ও বিমান হামলা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুলে ধরার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত ও আই সির সদস্যদেশগুলোর রাষ্ট্রদূতগণের প্রতি আহবান জানানো হয়েছে । এছাড়া এই বিবৃতিতে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা দ্রুত বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আহবান জানানো হয় এবং সেইসাথে গাজায় ইসরালী অপরাযজ্ঞ বন্ধ করে সেখানে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষক দল পাঠানোর আহবান জানানো হয় । বিবৃতির শেষাংশে গাজায় ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনীদেরকে নিজেদের মধ্যকার সকল মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানানো হয়েছে ।#343515