IQNA

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তী

8:48 - February 02, 2009
সংবাদ: 1738885
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি ও হেফাজত কামনার মধ্যদিয়ে রোববার মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শেষ হয়েছে ।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদীর তীরে তাবলীগ জামায়াত আয়োজিত তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে । গতকাল বেলা সোয়া ১ টায় এই মোনাজাত শুরু হয় এবং শেষ হয়ে ১ টা ৩৫ মিনিটে । বিশ্ব তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা দিল্লী নিবাসী মাওলানা যোবায়েরুল হাসান এই মোনাজাত পরিচালনা করেন । মানবকুলের কল্যাণ ও মুসলিম উম্মার ঐক্যও ভ্রাতৃত্ব এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি কামনায় এই দীর্ঘ মোনাজাতে তুরাগ নদীর তীরবর্তী এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে ।গতকালের আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে ঠিক কত বান্দার হাত সমর্পিত হয়েছে তার সঠিক হিসাব কারও কাছে নেই । তবে আয়োজকদের ধারনা, এ সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে যেতে পারে। ইজতেমা ময়দানের আশপাশের ১০-১২ কিলোমিটার জায়গায় মাইকের শব্দ যতটুকু গেছে সেখানেই রব উঠেছে ‘আমিন-আমি’। শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার অনেক আগে থেকেই মুসল্লিদের ঢল থাকলেও রোববার মোনাজাত শেষ হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত টঙ্গী অভিমুখী সড়ক, নৌ, ও রেলপথে জনস্রোত অব্যাহত ছিল ।আখেরি মোনাজাত উপলক্ষ্যে শনিবার রাত থেকেই ইজতেমা সংলগ্ন আশেপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয় । দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সাথে এই আখেরি মোনাজাতে শরিক হন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর ড: ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, সেনা প্রধান মইন উ আহমেদ, মন্ত্রীপরিষদের সদস্য, বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা । #
captcha