IQNA

বাংলাদেশে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ‘জাতিসমূহের জাগরণে ইসলামী বিপ্লবের ৩০ বছরের ‍ভূমিকা’ শীর্ষক সেমিনার

10:36 - February 08, 2009
সংবাদ: 1741616
ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার ‘জাতিসমূহের জাগরণে ইসলামী বিপ্লবের ৩০ বছরের ‍ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
ইরানের ইসলামী বিপ্লবের ৩০তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪ টায় ‘জাতিসমূহের জাগরণে ইসলামী বিপ্লবের ৩০ বছরের ‍ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ঢাকাস্থ ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঢাকাস্থ রাষ্ট্রদূত জনাব হাসান ফারাযান্দেহ । ঢাকার সোবহানবাগ মসজিদের খতিব জনাব মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব তারিক জিয়াউর রহমান সিরাজী । সেমিনারে ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর জনাব আওরায়ী কারিমী স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথির ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহজাহান মিয়া বাংলাদেশের ভাষা আন্দোলন ও ইরানের ইসলামী বিপ্লব একই ধরনের আন্দোলন একথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের যেকোন স্থানের ইসলামী আন্দোলনকে বাংলাদেশ সমর্থন করে । তিনি বলেন, ইমাম খোমেনী (র:) এর নেতৃত্বে অনুষ্ঠিত ইরানের ইসলামী বিপ্লব মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে । সেমিনারে বিশেষ অতিথি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঢাকাস্থ রাষ্ট্রদূত জনাব হাসান ফারাযান্দেহ গত ৩০ বছরে ইরানের ইসলামী বিপ্লবের সাফল্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ইসলামী বিপ্লব ইরানের মুসলিম জাতিকে সম্মান ও মর্যাদা দিয়েছে এবং অন্যান্য জাতিকে প্রভাবিত করেছে ।তিনি ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক ২২ দিনের যুদ্ধ ও দক্ষিণ লেবাননে ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের পরাজয় মধ্যপ্রাচ্যসহ গোটাবিশ্বে ইসলামী বিপ্লবের কার্যকর প্রভাবের বিষয়টি প্রমাণ করেছে বলে উল্লেখ করেন ।জনাব হাসান ফারাযান্দেহ বলেন, ইসলামী বিপ্লবের ফলেই ইরানী জনগণ স্বয়ংসম্পূর্ণ হতে শিখেছে এবং পরামাণু প্রযুক্তি অর্জন ও মহাশূণ্যে উপগ্রহ উৎক্ষেপণ করতে পেরেছে। উল্লেখ্য ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে একটি সাংস্কৃতিক ও ইরানী চলচ্চিত্র প্রদর্শণীরও ব্যবস্থা করা হয়েছে যা আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে ।#
captcha