হল্যান্ডের আন্তর্জাতিক বেতারের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, হল্যান্ডের দারুল এলম ইসলামী কেন্দ্র ও অবুলু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গতকাল আমষ্টার্ডামে ‘‘ মুসলমানদের সমস্যার পর্যালোচনা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।সম্মেলনে ইউরোপীয়দেশগুলোর বিশিষ্ট মুসলিম আলেম, চিন্তাবিদ, গবেষক ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে হল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলোর সরকারী প্রতিষ্ঠানগুলোর ইসলাম ও মুসলামদের সম্পর্কে দৃষ্টিভঙ্গী, ইসলাম সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলোর ভুল ধারনার সংশোধন এবং ইউরোপীয় সমাজের মুসলিম যুবকদের বিভিন্ন সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া এই সম্মেলনে হল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে মুসলমানদের আরো অধিকহারে অংশগ্রহণ, পাশ্চাত্যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে ও তালাকের বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয় বলে হল্যান্ডের রাজধানী আমষ্টার্ডামের ইসলামী কেন্দ্রের মুখপাত্র সাইদ হাজি উল্লেখ করেন। হল্যান্ডের কয়েকজন সংসদ সদস্যসহ দেশটির মধ্যপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এই সম্মেলনের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, এই সম্মেলন বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । # 405631