IQNA

ইরানে মহিলাদের আঞ্চলিক কুরআন প্রতিযোগিতা শুরু

22:47 - August 28, 2009
সংবাদ: 1819074
ইরানে মহিলাদের তৃতীয় আঞ্চলিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। তেহরান শহরের উপকণ্ঠে ফাতেমিয়ুন হোসাইনিয়ায় তেহরান প্রদেশের এ প্রতিযোগিতার উদ্বোধন হয় বুধবার।
আঞ্চলিক এ কুরআন প্রতিযোগিতার ৬টি বিভাগে তেহরান প্রদেশের প্রায় দেড় হাজার মহিলা অংশ নিচ্ছেন। এতে থাকছে পবিত্র কুরআনের ২০ পারা, ১০ পারা, ৫ পারা ও এক পারার ওপর হেফজ প্রতিযোগিতা। এছাড়া, কুরআন শরীফের তারতিল ক্বেরাত প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে এ আসরে। প্রতিযোগিতায় পূর্ণ বয়স্ক এবং টিনএজার তরুণীরা অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হোসেইন সাবজালি জানান, শাহরিয়ার পারহিজগার ও আব্বাস ইমাম জোমীসহ ইরানের বিখ্যাত আট জন ক্বারী ও হাফেজ এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবজালি বলেন, যে সব টিনএজার তরুণী কুরআন শরীফের এক ও পাঁচ পারার হেফজ প্রতিযোগিতায় অংশ নেবে তাদের সবাইকে কৃতজ্ঞতা স্বরূপ পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে যারা এক থেকে দশের মধ্যে থাকবে তাদেরকে জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। এ প্রতিযোগিতা শুরু হবে রমজান মাসের কিছুদিন পরে। # 454455
captcha