IQNA

বাইতুল মোকাদ্দাসে সর্বপ্রথম কুরআন তেলাওয়াতকারী মিশরীয় ক্বারীর ইন্তিকাল

21:05 - April 04, 2012
সংবাদ: 2298135
আন্তর্জাতিক বিভাগ : ফিলিস্তিনের স্বশাসিত সরকার গঠনের পর বাইতুল মোকাদ্দাসে মিশরীয় ক্বারী হিসেবে প্রথম কুরআন তেলাওয়াত ক্বারী ‘শেইখ মুহাম্মাদ আহমাদ শাবিব’ গতকাল মধ্যরাতে বার্দ্ধক্য জনিত কারণে এদেশের ‘দাকহালিয়াহ’ প্রদেশে মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন।
মিশরীয় দৈনিক ‘আল-ইয়াওম আল-সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শেইখ মুহাম্মাদ শাবিব গতকাল ৭৯ বছর বয়সে দীর্ঘ বছর যাবত পবিত্র কুরআনের সেবা করার পর এদেশের ‘দাকহালিয়াহ’ প্রদেশের ‘মাইত গামার’ শহরের অন্তর্ভুক্ত ‘দিনীত’ গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিশরের প্রখ্যাত ক্বারী শেইখ শাবিবকে ১৯৯৪ সালে ইতালী’র রোম শহরের ইসলামি কেন্দ্রে পবিত্র রমজান মাসের রজনীসমূহে তেলাওয়াতের জন্য মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ হতে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করে মিশরে অবস্থান করাকে প্রাধান্য দেন।
ফিলিস্তিনের স্বশাসিত সরকারের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সময়, মিশরের আওকাফ মন্ত্রণালয়ের প্রতিনিধি তাকে রমজান মাস শুরু হওয়ার পূর্বে পবিত্র রমজান মাসের রজনীতে মসজিদুল আকসায় কুরআন তেলাওয়াতের জন্য একদিনের সফরে কুদস শরিফে সফরের আমন্ত্রণ জানালে তিনি বিনা দ্বিধায় সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং ফিলিস্তিনীদের উপস্থিতিতে আয়োজিত ঐ কুরআন মাহফিলে কুরআন তেলাওয়াত করেন।
শেইখ মুহাম্মাদ আহমাদ শাবিব ছিলেন প্রথম ক্বারী যিনি ফিলিস্তিনীদের প্রত্যাবর্তন এবং ইয়াসির আরাফাতের নেতৃত্বে সরকার গঠনের পর মসজিদুল আকসায় পবিত্র কুরআন তেলাওয়াত করেছিলেন। তিনি ৫ লক্ষাধিক ফিলিস্তিনীর মাঝে পবিত্র কুরআন তেলাওয়াত করার পর ইয়াসির আরাফাত তাকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বশাসিত সরকারের পক্ষ হতে তাকে বিশেষ সনদ প্রদান করেন।
দিনীত গ্রামের অধিবাসী মুস্তাফা গাররাব, শেইখ শাবিবের ব্যক্তিত্ব সম্পর্কে বলেন : জনগণের সাথে তার উত্তম সম্পর্ক ছিল, তিনি এমতাবস্থায় আমাদের মাঝ হতে বিদায় নিলেন যে, আমরা এখনো তার সুমধুর কণ্ঠের প্রয়োজন অনুভব করছি।
এ প্রতিবেদনের ভিত্তিতে মরহুমের জানাযার নামায গতকাল তার জন্মস্থানের মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং আজ এ গ্রামের ‘আল-ফাতহ’ মসজিদে মরহুমের ইসালে সওয়াবের মজলিশ অনুষ্ঠিত হবে।#978155
captcha