আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের শত শত আইনজীবি গতকাল (২৮শে সেপ্টেম্বর), হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করেছে।
French.peopledaily এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের শত শত আইনজীবি গতকাল মার্কিনবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দিতে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে রওনা হয়। এ সময় তারা এ চলচ্চিত্র সরিয়ে নেওয়ার আবেদনের বিষয়ে গুগলে’র অবস্থানের নিন্দা জানায়। পাকিস্তানি আইনজীবিদের একটি দল মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাথে সাক্ষাত এবং অবমাননাকর এ পদক্ষেপের প্রতিবাদে লেখা একটি পত্র তাদের নিকট হস্তান্তর করে।
এ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবং পাকিস্তানি আইনজীবিরা পত্র হস্তান্তরের পর উক্ত স্থান ত্যাগ করে।
এদিকে করাচী, রাওয়ালপিণ্ডি, লাহোর ও পেশোয়ারেও মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও ফরাসী পত্রিকার অবমাননাকর পদক্ষেপের বিরু্দ্ধে বিক্ষোভ করেছে।
উল্লেখ্য, মহানবী (স.) এর প্রতি অবমাননাকর ‘ইনোসেন্স অফ মুসলিম’ চলচ্চিত্রের ট্রায়াল প্রকাশর ১৪ দিন পার হয়ে গেলেও ইসলামি দেশসমূহে বিশেষতঃ পাকিস্তানে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন দল ও সংগঠন মার্কিন দূতাবাস বা বাণিজ্যদূতের কার্যালয়ের সম্মুখে সমবেত হয়ে ইউটিউব হতে এ ফিল্মের ট্রায়াল ভিডিও সরিয়ে নেওয়া এবং এর নির্মাতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানাচ্ছে।# 1109172