রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ দেখাচ্ছে ইসলামপন্থী দলগুলো। এ কর্মসূচিতে বাধা দেয়ায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি ইসলামী দল গত ২৩ সেপ্টেম্বর সারাদেশে হরতালও পালন করেছে।
আজো (গতকাল) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররাম মসজিদের উত্তর গেইট থেকে খেলাফতে ইসলামী, যুব জমিয়ত ও ইসলামী ছাত্র মোর্চার ব্যানারে আলাদা মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতারা সরকারের কড়া সমালোচনা করে বলেন, "প্রধানমন্ত্রী ওই মার্কিন চলচ্চিত্রের নিন্দা জানালেও জাতিসংঘে গিয়ে তিনি এ ব্যাপারে কোনো কথাই বলেননি বা বলার সাহস পাননি।"
সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রেস ক্লাবের সামনের একপাশের রাস্তা বন্ধ করে দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
সমাবেশে নেতারা ইসলাম অবমাননাকর ওই চলচ্চিত্রের নির্মাতা নকৌলা বাসিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। তারা মুসলমানদের মার্কিন পণ্য বর্জন করার আহ্বান জানান । সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের সভাপতি আবুল কাশেম, কেন্দ্রীয় নেতা মাওলানা যুবায়ের, মুফতি মো. তৈয়ব প্রমুখ।#