কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বলেছেন, এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসীরা তাদের ইচ্ছেকে জনগণের ওপর চাপিয়ে দিতে কিংবা তা বাস্তবায়ন করতে পারবে না। তিনি বলেন, আলেম-ওলামা ও রাজনীতিবিদসহ পাকিস্তানের সর্বস্তরের জনগণ কিশোরি মালালা ইউসুফ জাইএর ওপর তালেবানের হামলার নিন্দা জানানো থেকে বোঝা যায়, নিজস্ব মূল্যবোধ রক্ষায় পাকিস্তানের জনগণ ঐক্যবদ্ধ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার নারী শিক্ষার দাবিতে আন্দোলনকারী কিশোরিকে তালেবানের হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,এ ব্যাপারে পাকিস্তানের সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এবং এ থেকে বোঝা যায় জনমনে উগ্র গোষ্ঠীগুলোর কোনো স্থান নেই এবং এটা তালেবানের জন্য একটি সতর্ক বার্তা।
বিশ্লেষকরা বলছেন, গত তিন দশকের মধ্যে এই প্রথম নারী শিক্ষার দাবিতে আন্দোলনকারী কিশোরি মালালা ইউসুফ জাইকে হত্যা প্রচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সর্বস্তরের জনগণ এককাতারে শামিল হয়েছে এবং তারা সমস্বরে তালেবানের নিন্দা জানাচ্ছে। এ থেকে বোঝা যায়, পাকিস্তানের জনগণ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ততপরতার ব্যাপারে কতখানি চিন্তিত এবং তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিশেষ করে, আগামী প্রজন্মের ভবিষ্যত নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। উপজাতি এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বহনকারী বাসে তালেবানের হামলা এবং মেয়েদের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় পাকিস্তানের জনগণের উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের উগ্র ধর্মান্ধ গোষ্ঠীগুলো ইসলামী শিক্ষার ভুল ব্যাখ্যা দিয়ে তাদের অমানবিক কর্মকাণ্ডের বৈধতা দেয়ার চেষ্টা করছে। দেশটির শিক্ষিত ধর্মীয় নেতৃবৃন্দ ও আলেম সমাজ এ ধরনের আচরণের তীব্র বিরোধিতা করেছে।পাকিস্তানের সুন্নি আলেমরাও নারী শিক্ষার দাবিতে আন্দোলনকারী ১৪ বছরের কিশোরি মালালা ইউসুফ জাইকে হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। এ থেকেই তালেবানের বিরুদ্ধে সবার অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। লাহোরে ৫০ জনেরও বেশি সুন্নি আলেম এক যৌথ ফতোয়ায় মালালা ইউসুফ জাইএর ওপর তালেবানের হামলাকে ইসলামী শিক্ষা ও শরিয়তের পরিপন্থী বলে অভিহিত করেছেন। ওই ফতোয়ায় আরো বলা হয়েছে, তালেবানরা ইসলামের ভুল ব্যাখ্যা করছে এবং এ কারণেই তারা আজ বিভ্রান্তিতে নিমজ্জিত। #রেডিও তেহরান