IQNA

‘ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ সব সময়ই হামাসের পাশে থাকবে’

20:35 - November 20, 2012
সংবাদ: 2452104
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গাজায় অস্ত্র না পাঠিয়ে সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠানোর জন্য কোনো কোনো আরব সরকারের সমালোচনা করেছেন।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকন’র রিপোর্ট: তিনি বলেছেন, “আজ গাজার সীমান্ত খুলে দেয়া এবং সেখানকার মুজাহিদদের কাছে আরো বেশি ক্ষেপণাস্ত্র পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু কোথায় আজ সেসব আরব যারা সিরিয়ার সরকার বিরোধীদের কাছে অস্ত্র পাঠাচ্ছেন? তারা আজ গাজায় একটি গুলি পাঠানোরও সাহস করছেন না, কারণ, সেখানে শত্রু হচ্ছে ‘ইসরাইল’।”
হিজবুল্লাহর মহাসচিব বলেন, কেউ কেউ বলছে: ইসরাইল হামাসকে শাস্তি দিচ্ছে, কারণ, ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ এখন আর হামাসের সঙ্গে নেই। কিন্তু বাস্তবতা হল ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ ছেড়ে যায়নি হামাসকে এবং ভবিষ্যতেও ছেড়ে যাবে না, কারণ, হামাসকে সাহায্য দেয়া আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবীয় দায়িত্ব।
তিনি বীর গাজাবাসীর শক্ত প্রতিরোধের ও তাদের নিজ শর্তগুলোর ওপর অবিচল থাকার প্রশংসা করে বলেন, এই দৃঢ়তার কারণেই আজ ইসরাইল যুদ্ধ-বিরতির প্রস্তাব দিচ্ছে গাজায় হামাস কমান্ডার হত্যার পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনার জন্য, কিন্তু গাজার প্রতিরোধ আন্দোলন এ ধরনের সমাধান নাকচ করে দিয়েছে।
হিজবুল্লাহর মহাসচিব সম্প্রতি (গত শনিবারে) অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সমালোচনা করে বলেন:
“ ২০০৮ সালের গাজা যুদ্ধের সময় আরব লীগ যে ভূমিকা নিয়েছিল সে সময়কার সঙ্গে এখনও আরব লীগের আচরণে খুব একটা পার্থক্য হয়নি কেবল দুটি দিক বা প্রস্তাব ছাড়া। একটি প্রস্তাবে “ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের সব ধরনের প্রক্রিয়া বন্ধ করতে” আরব দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং অন্য একটি প্রস্তাবে ইসরাইলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় আরব দেশগুলোর অবস্থান আবারও পর্যালোচনা করে দেখার কথা বলা হয়েছে। অথচ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না রাখাটা এমনিতেই অনিবার্য।”
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, আজ কোনো কোনো আরব সরকার স্বীকার করেছে যে তারা গাজা অবরোধে ইসরাইলের সঙ্গে শরিক হয়েছিলেন, এটা খাঁটি আরব জাতীয়তাবাদের প্রকাশ, আর আরব দেশগুলো যদি গাজায় অস্ত্র পাঠায় সেটা হবে খাঁটি ইসলামের প্রকাশ।
হিজবুল্লাহ প্রধান বলেন, ইসরাইলের সঙ্গে গাজার যুদ্ধে আরব দেশগুলোর মধ্যস্থতার দরকার নেই, বরং গাজাকে অস্ত্র ও সমর্থন দেয়াই জরুরি। কিন্তু তা না করে আরব দেশগুলো রেড-ক্রিসেন্টেরই ভূমিকা পালন করছে মাত্র, কারণ, রেড ক্রিসেন্ট গাজার যুদ্ধ-কবলিত অসহায় মানুষকে কেবল খাদ্য, ওষুধ ও অর্থ দিতে পারে। আরব সরকারগুলো গাজার অধিবাসীদের জন্য কেবল লাশ দাফনকারীর ভূমিকা পালন করছে বলেই তিনি ক্ষোভ প্রকাশ করেন।
হিজবুল্লাহ প্রধান কাতারের পররাষ্ট্রমন্ত্রী ‘হামাদ বিন জাসিম বিন জাবের আলে সানি’র এই বক্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন যেখানে তিনি বলেছেন, আমরা আরবরা যা করতে পারব না তার চেয়েও বেশি কিছু করার প্রতিশ্রুতি ফিলিস্তিনিদের দিতে পারি না। জাসিম আরব লীগের সম্মেলনে সম্প্রতি এ কথা বলেছেন। সূত্র: রেডিও তেহরান
captcha