IQNA

‘২০১৩ সালে সৌদি রাজনীতিতে ঝড় উঠবে’

21:09 - January 01, 2013
সংবাদ: 2474082
আন্তর্জাতিক বিভাগ: ইরানের প্রভাবশালী সংসদ সদস্য হামিদ রেজা তাবাতাবাঈ বলেছেন, চলতি ২০১৩ সালে সৌদি রাজনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এবং দেশটির রাজনৈতিক অঙ্গনে 'ঝড়' বয়ে যাবে। চলমান গণবিক্ষোভ দমনে সৌদি সরকারের বর্বর ও নিষ্ঠুর কৌশলের বিরুদ্ধে এ ঝড় উঠবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হামিদ রেজা তাবাতাবাঈ আরো বলেন, "আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের রাজনৈতিক অঙ্গনে ঢেউ উঠেছে এবং সেখানে এবার ঝড় বয়ে যাবে।"

মানবাধিকারের মৌলিক নীতি অনুসরণের জন্য তিনি সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "চলতি শতাব্দি হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকারের শতাব্দি, এ সময় বিশ্বের কোথাও আর ভয়-ভীতি ও নির্যাতন গ্রহণযোগ্য নয়; আলে সৌদ সরকারকে মধ্যযুগীয় ধারণা থেকে সরে আসতে হবে।"

সৌদি কারাগারে বিপুল সংখ্যক রাজবন্দীর কথা উল্লেখ করে হামিদ রেজা তাবাতাবাঈ বলেন, " এসব বন্দীর বেশিরভাগই বিনা বিচার বছরের পর বছর আটক রয়েছে এবং বন্দীদেরকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।"

এদিকে, সৌদি জাজিরাতুল আরব বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরবের সশস্ত্র বাহিনীর বহু সংখ্যক সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বন্দীদের অনেকে ১৬ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে আটক রয়েছে। এদের বেশিরভাগের বিরুদ্ধে অভিন্ন অভিযোগ হচ্ছে- তারা জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছে। আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- তারা বিদেশি নাগরিক।#

রেডিও তেহরান

captcha