কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগান প্রেসিডেন্ট কাবুল থেকে যাত্রার পর তার দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কারজাই তিন দিনের আমেরিকা সফরে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলাদা আলাদা বৈঠক করবেন।
২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার, আফগান বাহিনীকে প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম দিয়ে সজ্জিত করা,তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা এবং ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা চুক্তির মতো বিষয়গুলো আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে এই বিবৃতিতে বলা হয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, এ সব আলোচনায় ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। আমেরিকা ওই সময়ের পরেও আফগানিস্তানে নয় হাজার মার্কিন সেনা মোতায়েন রাখার পরিকল্পনা করেছে বলে বলা হচ্ছে।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডার, জেনারেল জন আর. অ্যালেন ৬ থেকে ২০ হাজার সেনা আফগানিস্তানে মোতায়েন রাখার বিষয়ে তিনটি আলাদা পরিকল্পনা দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার কাছে পেশ করেছেন। পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গত ২ ডিসেম্বর এ খবর দিয়েছে।#রেডিও তেহরান