IQNA

পাকিস্তানে শিয়াদের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

17:41 - January 16, 2013
সংবাদ: 2481551
আন্তর্জাতিক বিভাগ : সম্প্রতি পাকিস্তানের কোয়েটাসহ বিভিন্ন শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ নিরীহ মুসলমানদের উপরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নির্বিচারে দেড়শ' মুসলমানকে হত্যার প্রতিবাদে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ও ইসলামী শিক্ষাকেন্দ্রের যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার) বাংলাদেশের খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোশারফ আলী খান, হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়েদী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ রেজা, হুজ্জাতুল ইসলাম শেখ মোস্তাক আলী, হুজ্জাতুল ইসলাম মোঃ নাদিম রেজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান প্রমুখ৷
সভাপতিত্বের বক্তব্যে হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী বলেন, মুসলিম ঐক্যকে ধ্বংস করার জন্য শিয়াদেরকেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে৷ বর্তমান সময় হচ্ছে মুসলিম বিশ্বের জাগরণের এবং দাম্ভিক শক্তির ধ্বংসের৷ এটা জেনেই ইসলামের শত্রুরা ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে৷ আমেরিকা ও ইসরাইল ইসলামের নামে কলঙ্ক ছড়িয়ে দেয়ার জন্যই তালেবান ও আল-কায়েদার মত জঘন্য সন্ত্রাসী দল সৃষ্টি করেছে৷ ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি মরহুম ইমাম খোমেনীর (রহ.) উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে চায় তারা শিয়াও নয় সুন্নিও নয়, তারা সমগ্র মুসলিম জাতির শত্রু৷
মানববন্ধন থেকে পাকিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের দুঃখ বেদনার সাথে একাত্বতা প্রকাশ এবং পাকিস্তানের সরকারের প্রতি সংখ্যালঘু শিয়া মুসলমান সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে এই গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়৷
উল্লেখ্য, মানববন্ধন শেষে মুসলিম উম্মাহ, দেশ ও বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয়৷#
captcha