IQNA

'পরমাণু অস্ত্র বিষয়ে সর্বোচ্চ নেতার ফতোয়া মানতে ইরান বাধ্য’

8:13 - January 17, 2013
সংবাদ: 2481638
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি পরমাণু অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত যে ফতোয়া দিয়েছেন তেহরানের জন্য তা মেনে চলা বাধ্যতামূলক।
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি পরমাণু অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত যে ফতোয়া দিয়েছেন তেহরানের জন্য তা মেনে চলা বাধ্যতামূলক।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত আজ (মঙ্গলবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা ঘোষণা করেছেন। আগামীকাল যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতিনিধিদলের সঙ্গে ইরানের কর্মকর্তারা পরমাণু ইস্যুতে নতুন করে বৈঠক করতে যাচ্ছেন তখন মেহমানপারাস্ত এ বক্তব্য দিলেন।
মেহমানপারাস্ত বলেন, ''আমাদের পরমাণু ততপরতার স্বরূপ কি তা তুলে ধরার জন্য সর্বোচ্চ নেতার এ ফতোয়ার চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই।"
তিনি বলেন, যখন ইরানের সর্বোচ্চ নেতা ফতোয়া আকারে তাঁর বক্তব্য রাখেন, তা মেনে চলা ইরানিদের জন্য বাধ্যতামূলক।
ইরানের সর্বোচ্চ নেতা গত বছরের ২২ ফেব্রুয়ারি বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বুদ্ধিবৃত্তি, ধর্ম ও নীতিগত দিক থেকে পরমাণু অস্ত্র অর্জন বা তৈরি করা এবং এ অস্ত্র রাখাকে বড় ধরনের পাপ বলে মনে করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই ফতোয়াকে তার দেশের জন্য কার্যকর দিক-নির্দেশনা বলে উল্লেখ করেন।
মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইল এবং তাদের পশ্চিমা মিত্র দেশগুলো অভিযোগ তুলেছে- ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু, ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তেহরান পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি-তে স্বাক্ষর করেছে এবং সব ধরনের পরমাণু অস্ত্রের বিরোধী। তবে, আইএইএ'র সদস্য হিসেবে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার ইরানের রয়েছে।#
captcha