বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সৌদি শাসকের বিরুদ্ধে দেশটির শিয়া অধ্যুষিত আল কাতিফ ও আল এহসা প্রদেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
রয়টার্সের নিজস্ব প্রতিবেদন উল্লেখ করেছে, সৌদি শিয়া মুসলমানেরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছে।
সৌদি রাজতান্ত্রিক সরকারের এই মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে ওই অঞ্চলে আরো ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।গত শনিবার আয়াতুল্লাহ শেখ নিমর সহ আরো তিন শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে সৌদি আরবের সহস্রাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।
নাম প্রকাশে ইচ্ছুক নয় কাতিফের এক নেতা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘নিমরসহ অন্যান্য শিয়া মুসলমানদের মৃত্যুদণ্ডে মানুষ চরম ক্ষুব্ধ এবং হতভম্ব হয়েছে। কারণ, এসব মৃত্যুদণ্ড কার্যকর না করার ব্যাপারে গত কয়েক মাস থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মানুষ তার কথা শুনত এবং এমন কোনো প্রমাণ নেই যে, তিনি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন।’
তেল সমৃদ্ধ এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সবাই এসব মৃত্যুদণ্ডকে অন্যায় হিসেবে দেখছে। ‘আল-সৌদ নিপাত যাক’ শ্লোগান দিয়ে বিক্ষোভকারীরা শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছে বলেও জানান কাতিফের এই নেতা।
প্রতিবেদনে রয়টার্স আরও উল্লেখ করেছে, শিয়া মুসলমানেরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে আসছিল। তবে সৌদি সামরিক বাহিনী বিক্ষোকারীদের ওপর হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে।
রয়র্টাসের সাথে টেলিফোন সাক্ষাতকারে আয়াতুল্লাহ শেখ নিমরের জন্মভূমি আল আওয়ামিয়াহ শহরের এক ব্যক্তি বলেছেন: প্রথম দিনগুলোর বিক্ষোভে গুলির শব্দ শোনা যায়নি। তবে বিগত দুই রাত্রে বিক্ষোভ চলাকালীন সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গিয়েছে।
সৌদি আরবে সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলী কাতিফের অধিবাসীরা ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ- বিক্ষোভ করে আসছে। এছাড়া, সৌদি আরবে সব ধরণের অর্থনৈতিক ও ধর্মীয় বৈষম্য অবসানের দাবিও করে আসছেন তারা।