
বাংলামেইল২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির আরেক সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এমপি নাজ শা’র ইহুদি বিদ্বেষী কথা সমর্থনের কারণে জ্যেষ্ঠ সদস্য ও লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল দলটি।
লেবার পার্টির একজন সংসদ সদস্য নাজ শা ২০১৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছিলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিনি সঙ্কট সমাধানের একমাত্র উপায় হচ্ছে ইসরায়েলকে আমেরিকায় সরিয়ে নেয়া।’ লিভিংস্টোন তার এই বক্তব্যকে সমর্থন করেছিলেন।
লেবার পার্টির আরেক সংসদ সদস্য জন ম্যান লিভিংস্টোনকে ইহুদি বিদ্বেষের দায়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলের মধ্যেই কমবেশি ইহুদী বিদ্বেষ রয়েছে। তবে তার মতে লেবার পার্টির মধ্যে সেটা মত্রাতিরিক্ত।
লিভিংস্টোন লেবার নেতা জেরেমি করবিনের ঘনিষ্টজন। তিনি বলেছেন, নাজশা-র মন্তব্য ইহুদীদের প্রতি বিদ্বেষমূলক ছিল না এবং সেটা সমর্থন করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা অযৌক্তিক।
লিভিংস্টোন আগে একটি বেতার সাক্ষাৎকারে বলেছিলেন, হিটলার ইহুদী নিধনের আগে ইসরায়েলি জাতীয়তাবাদকে সমর্থন করেছিলেন। ঐ মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
লেবার পার্টির আরেক সদস্য ব্যারোনেস নিউবারগার দাবি করেছেন, বামপন্থি জেরেমি করবিন দলের নেতা হওয়ায় এই ইহুদি বিদ্বেষী মনোভাব বেড়েছে। করবিন অবশ্য জোর দিয়ে ইহুদি বিদ্বেষ বরদাস্ত না করার ঘোষণা দিয়েছেন। যদিও তার দলের কোনো কোনো সদস্য বলেছেন সমস্যাটি মোকবেলায় তিনি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না।