
দৈনিক আশ-শারকুল আওসাত-এর উদ্ধৃতি দিয়ে ইকনার রিপো্র্ট : গত বুধবার মাঝরাতে আনসারুল্লাহ’র বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ঐ হামলায় নারী ও শিশুসহ ২৫ জন বেসামরিক লোক শহীদ হয়েছে। আনসারুল্লাহ ঘোষণা করেছে যে, এ হামলার মাধ্যমে সৌদি সরকারের পতনের কাউন্ট ডাউন শুরু হল। সৌদি বাদশা কিং সালমানের নির্দেশের ভিত্তিতে সৌদি সময় রাত ১২টায় এ হামলা শুরু হয়।
হামলায় সৌদি আরবকে সহযোগিতা করছে অপর ১০টি দেশ; গালফ কো-অপারেশন কাউন্সিল (ওমান ব্যতীত) ছাড়াও তুরস্ক, মিসর, আলজেরিয়া এবং সুদান এ হামলায় অংশ নিচ্ছে।
এদিকে আনসারুল্লাহ মুভমেন্টের উচ্চতর সদস্য ‘আলী আল-কুহুম’ আল-মায়াদিনকে জানিয়েছেন : আনসারুল্লাহ মুভমেন্টের শীর্ষস্থানীয় কয়েকজন নেতারা শাহাদাতের যে সংবাদ কিছু কিছু গণমাধ্যম প্রচার করেছে তা গুজব এবং জনগণের মনোবলকে দূর্বল করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
আল-মায়াদিন আরো জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ৩০টি, কুয়েতের ১৫টি, বাহরাইনের ১৫টি এবং কাতারের ১০টি জঙ্গিবিমান ইয়েমেনের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে অংশ নেয়।