কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হজরত হুসাইন (আ.)-এর ছয় মাসের শিশু হজরত আলী আসগারের স্মরণে এ দিবস পালন করা হয়। শিশু শহীদ আলী আসগার(আ.) ছিলেন বিশ্বনবী (সা.)’র নাতি হযরত ইমাম হুসাইন (আ.)’র সর্বকনিষ্ঠ সন্তান। শাহাদতের সময় তার বয়স ছিল মাত্র ছয় মাস।
কারবালায় ইয়াজিদ বাহিনীর পানি-অবরোধের কারণে এই শিশু যখন তৃষ্ণায় ছটফট করছিলেন তখন ইমাম হুসাইন (আ.) এই শিশুকে কোলে নিয়ে তাঁর জন্য পানি চান। পাষাণ-হৃদয় ইয়াজিদ সেনাদের একজন তিন শাখা-বিশিষ্ট একটি তীর নিক্ষেপ করলে তা তাঁর নরম গলা ভেদ করে। এই পাষণ্ড ঘাতকের নাম ছিল হারমালা বিন কাহিল। বলা হয়ে থাকে ইমাম তাঁর কয়েক ফোটা রক্ত আকাশের দিকে নিক্ষেপ করলে তা কখনও মাটিতে ফিরে আসেনি।
প্রতি বছর মহররমের সময় বিশ্বের লাখ লাখ মুসলমান হযরত আলী আসগার (আ.)’র শাহাদত দিবস পালন করেন শোক মিছিলে শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে। শোকার্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে এই শোক মিছিলে অংশ নেন। ফলে সৃষ্টি হয় হৃদয়-বিদারী শোকের পরিবেশ।