
আরব নিউজ সূত্রে জানা যায়, গত বছর ৩০ জুলাই থেকে ওমরাহ মৌসুম শুরু হয়। এর পর থেকে গত ছয় মাসের বেশি সময়ে অর্ধকোটি লোক ওমরাহ পালন করেন। তাঁদের মধ্যে ৪২ লাখ ৫৮ হাজার ১৫১ জন মুসল্লি নিজ দেশের উদ্দেশে ফিরে গেছেন। বর্তমানে সৌদিতে পাঁচ লাখ ৮২ হাজার ৬১৩ জন অবস্থান করছেন।
ওমরাহযাত্রীদের মধ্যে বিমানযোগে ৪৩ লাখ ২৯ হাজার ৩৪৯ জন, স্থলবন্দর দিয়ে পাঁচ লাখ সাত হাজার ৪৩০ জন এবং সমুদ্রপথ দিয়ে তিন হাজার ৯৮৫ জন সৌদি প্রবেশ করেন। ওমরাহযাত্রীদের মধ্যে মদিনার প্রিন্স মোহাম্মদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যান ১৩ লাখ ৫১ হাজার ৭৩১ জন এবং ইয়ানবু অঞ্চলের প্রিন্স আবদুল মুহসিন বিন আবদুল আজিজ এয়ারপোর্ট দিয়ে যান ১১ হাজার ১৩২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। করোনার আগে ২০১৯ সালে ২৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেন। করোনার দুই বছর কঠোর বিধি-নিষেধ মেনে সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালের ৩০ জুন হজ পালন করেন বিশ্বের ১০ লাখ লোক।
সূত্র : আরব নিউজ