IQNA

বার্মিংহামের সর্ববৃহৎ মসজিদ

8:42 - March 04, 2023
সংবাদ: 3473423
তেহরান (ইকনা): বার্মিংহ্যাম মধ্য ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের অন্যতম শহর। ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর ও জনবহুল শহর হিসেবে স্বীকৃত। বার্মিংহামের জনসংখ্যা ১১ লাখের বেশি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ মুসলিম। যুক্তরাজ্যে নামাজের উদ্দেশ্যে নির্মিত দ্বিতীয় মসজিদ হলো বার্মিংহাম সেন্ট্রাল মসজিদ।

প্রথম মসজিদ হিসেবে ওকিং সিটির শাহ জাহান মসজিদটি পরিচিত। বার্মিংহাম সেন্ট্রাল মসজিদটি ইংল্যান্ডের বার্মিংহামের হাইগেট এলাকায় অবস্থিত। মুসলিম কমিউনিটির প্রধান কেন্দ্র হিসেবে ইসলাম ও মুসলিম ইস্যুতে মসজিদটি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে সমাদৃত। তা ছাড়া জাতীয় পর্যায়ে আন্তর্ধর্মীয় সমপ্রীতি সুরক্ষায় মসজিদটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
১৯৬৯ সালে তা নির্মিত হয়। প্রথম দিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সংগৃহীত তহবিল শেষ হয়ে যায়। তখন দুই বছরের মধ্যে মসজিদের কাজ শেষ না হলে সিটি কাউন্সিল জমিটি অন্যের কাছে বিক্রি করার কথা জানায়। তখন মসজিদের ট্রাস্টিরা স্থানীয় মুসলিম ও অমুসলিম সবার কাছে অনুদান সংগ্রহ করে। পরবর্তী সময়ে ১৯৭০ সালে তা সবার জন্য উন্মুক্ত করা হয়। বার্মিংহাম সিটির স্বীকৃত ধর্মীয় ভবন হওয়ায় প্রতিবছর এখানে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম-অমুসলিম দর্শনার্থীর আগমন ঘটে। দর্শনার্থীদের সামনে ইসলাম বিষয়ক নানা তথ্য তুলে ধরা হয়। এই মসজিদে রয়েছে বিশেষ ‘গেস্ট বুক’। তাতে ১৯৮৪ সাল থেকে মসজিদ দেখতে আসা দর্শনার্থীদের অভিব্যক্তি ও স্বাক্ষর রয়েছে। মসজিদের তত্ত্বাবধানে রয়েছে শরিয়াহ কাউন্সিল, যার মাধ্যমে বিবাহ-বিচ্ছেদসহ মুসলিম আইন বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়। তা ছাড়া এখানে ইসলামী শিক্ষা, বিবাহ, পরিদর্শন, জিজ্ঞাসা, জানাজা ও দাফন, খাবার বিতরণ, সামাজিক অনুষ্ঠান ও বিসিএম রেডিও স্টেশন কার্যক্রম রয়েছে।
 
তিন তলাবিশিষ্ট মসজিদটির দ্বিতীয় তলায় তিন হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন। তৃতীয় তলায় নারীদের জন্য দুটি গ্যালারি রয়েছে যেখানে একসঙ্গে এক হাজার পাঁচ শ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। অমুসলিম দর্শকদের জন্য একটি গ্যালারি যা সারা বছর উন্মুক্ত থাকে। নিচ তলায় রয়েছে কমিউনিটি হল, সমৃদ্ধ ইসলামী লাইব্রেরি ও শ্রেণিকক্ষ। তা ছাড়া পাঁচ হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন বড় স্কুল হল প্রাঙ্গণও রয়েছে, যেখানে ঈদের নামাজের পাশাপাশি বড় অনুষ্ঠান, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়তে পাঁচ জামাতে এখানে ১৫-২০ হাজার লোকের সমাগম ঘটে।
 
সূত্র : সেন্ট্রাল মসিজদ ইউকে
 
captcha